নামাজে মনোযোগ ধরে রাখার সহজ উপায়
নামাজে মনোযোগ বাড়ানোর সহজ উপায়
ইসলামের দ্বিতীয় স্তম্ভ বা খুটি হলো সলাত বা নামাজ। এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং ঈমানের শক্তি বাড়ায়। এই সলাতে অনেকের জন্য নামাজের সময় মনোযোগ ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। বিভিন্ন চিন্তা-ভাবনা, বাইরের বিশ্বের আকর্ষণ, অথবা শারীরিক অস্বস্তি নামাজের সময় মনোযোগ নষ্ট করতে পারে। সলাতে মনোযোগ নষ্ট হওয়ার কারণ এবং নামাজে মনোযোগ ধরে রাখার সহজ ১০ টি উপায় নিয়ে আজকের পর্বে আলোচনা করব ইং শা আল্লাহ।
নামাজে মনোযোগ ধরে রাখার সহজ পদ্ধতি:
১. নামাজের পূর্বে প্রস্তুতি:
নামাজের সময় আসলেই মনোযোগী হন। মসজিদে গিয়ে আওয়াল ওয়াক্তে জামাতের সাথে নামাজ পড়ার প্রস্তুতি নেন।
২. নামাজের গুরুত্ব উপলব্ধি:
নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানুন।আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার অনুভূতি অনুধাবন করুন।নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্কের কথা মনে রাখুন।
৩. ধীর গতিতে নামাজ আদায়:
আমি যখন কোরআন মাজিদের অনুবাদ এবং আরবি ব্যাকরণ সম্পর্কে অজ্ঞ ছিলাম, তখন চার রাকাত নামাজ পড়তে আমার মাত্র ৪-৫ মিনিট সময় লাগত। কিন্তু যখন কোরআন মাজিদের প্রতিটি আয়াত ভেঙে ভেঙে পড়া শিখেছি, অর্থাৎ আরবি ভাষার মৌলিক ব্যাকরণ আয়ত্ত করেছি, তখন থেকে নামাজে তিলাওয়াত, তাসবিহ, দোয়া পড়ার সময় এবং সাধারণভাবে নামাজ আদায়ের সময় এর অর্থ বোঝার চেষ্টা করি। এর ফলে এখন চার রাকাত নামাজ পড়তে আমার ৮-৯ মিনিট সময় লাগে।
এই বাস্তব অভিজ্ঞতা থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে নামাজে তাড়াহুড়া করা উচিত নয়। মনে রাখতে হবে, আমরা যখন নামাজ আদায় করি, তখন মহান আল্লাহ রাব্বুল আলামীনের সামনে দাঁড়িয়ে থাকি। আল্লাহ আমাদের সকল কর্মকাণ্ড জানেন এবং দেখেন। আমরা যখন দুনিয়ার কোন রাজা বা বাদশার সামনে কথা বলি, তখন কত সাবধানে, কত সুন্দর করে, কত শ্রদ্ধার সাথে কথা বলি এবং আচরণ করি। তাহলে সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের সামনে নামাজ আদায়ের সময় আমাদের মনোযোগ কতটা গভীর হওয়া উচিত তা ভাবুন!
তাই যদি আমরা নামাজে তাড়াহুড়া করি, তাহলে আমাদের নামাজ বাতিল হওয়ার ঝুঁকি থাকে এবং আমাদের সময়ও নষ্ট হয়। ক্রিকেট খেলার উদাহরণ বিবেচনা করুন। একজন ব্যাটসম্যান যখন রান করতে চায়, তখন তাকে পিচের নির্ধারিত দাগ স্পর্শ করে এক উইকেট থেকে অন্য উইকেটে দৌড়াতে হয় এবং তারপর আবার আগের উইকেটে ফিরে আসতে হয়। যদি সে ৪-৫ বার দৌড়ায় কিন্তু নির্ধারিত সীমানা স্পর্শ না করে এক ফিট আগে থেকেই ফিরে আসে, তাহলে তার রান হবে না। কারণ সে পুরোপুরি দাগ স্পর্শ করেনি। এই উদাহরণটি আমাদের মনে করিয়ে দেয় যে, যদি আমরা নামাজে তাড়াহুড়া করি এবং নামাজের নিয়মকানুন যথাযথভাবে পালন না করি, তাহলে আমাদের নামাজ বাতিল হতে পারে এবং আমাদের সময়ও নষ্ট হতে পারে।
সুতরাং, নামাজ আদায়ের সময় আমাদের ধৈর্য ধরে, মনোযোগ সহকারে এবং শ্রদ্ধার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। তাড়াহুড়া করে নামাজ আদায় করা থেকে বিরত থাকা উচিত।
৪. নামাজের অর্থ ও তাৎপর্য বুঝুন
নামাজের প্রতিটি শব্দের অর্থ ও তাৎপর্য বোঝার চেষ্টা করুন। যখন আপনি নামাজের কুরআনের আয়াত ও দোয়া পড়বেন, তখন আপনি কী বলছেন তা বুঝতে পারবেন। এতে আপনার মনোযোগ স্বাভাবিকভাবেই বাড়বে।দীর্ঘ ক্বেরাত করার চেষ্টা করুন। সুরা মুলক সূরা নাবা সূরা ইনফিতার ইত্যাদি মাঝারি ধরনের সূরা মুখস্থ করুন। সম্ভব হলে সূরা আর রহমান সূরা ইয়াসিন সূরা জুমা ইত্যাদি মুখস্ত করতে পারেন। মনে রাখবেন ক্বেরাত যত লম্বা করবেন নামাজে আপনার মনোযোগ তত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাালাতে কোরআন পড়ার সময় মনে মনে তার অর্থ অনুধাবন করুন। তাহলে মনোযোগ ধরে রাখা সহজ হবে।
৫. দোয়া ও জিকির:
নামাজের আগে, পরে দোয়া ও জিকির করুন।আল্লাহর কাছে মনোযোগ ও একাগ্রতা কামনা করে দোয়া করুন।
৬. চিন্তাভাবনা নিয়ন্ত্রণ:
নামাজের সময় নেতিবাচক চিন্তাভাবনা দূর করার চেষ্টা করুন।মনকে একাগ্র করার জন্য ইতিবাচক চিন্তাভাবনা করুন।নামাজের সময় দুনিয়ার বিষয় সম্পর্কে চিন্তা এড়িয়ে চলুন।
৭. শারীরিক অবস্থা:
নামাজের পূর্বে পর্যাপ্ত ঘুমিয়ে নিন।নামাজের সময় হালকা খাবার খেয়ে নামাজ আদায় করুন।আরামদায়ক পোশাক পরুন যাতে শারীরিক অস্বস্তি না হয়।নামাজের আসন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
৮. খারাপ সঙ্গ ত্যাগ:
যারা নামাজ আদায় করে না এমন সঙ্গ ত্যাগ করুন। নামাজ পড়ার সময় যেসব পরিবেশ মনোযোগ বিঘ্নিত করে সেগুলো এড়িয়ে চলুন।
৯. ধৈর্য ধারণ:
নামাজে মনোযোগ ধরে রাখা একটি ধাপে হয় না। ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে মনোযোগ বাড়বে।নামাজে মন অন্যত্র চলে গেলে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার মনোযোগ ফিরিয়ে আনুন।নিরুৎসাহ না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যান।
পরিশেষে
উপরে উল্লিখিত পদ্ধতিগুলো মেনে চলার পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন ও আলেমদের উপদেশ নেওয়াও নামাজে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সহায়ক হতে পারে। সলাত অনুধাবন কোর্স নিয়ে আমার ভিডিও লেকচার গুলো দেখতে এখানে ক্লিক করুন।


কোন মন্তব্য নেই